ঢাকায় শুক্রবারে হওয়া ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শনিবার (২২ নভেম্বর) ইইউর ঢাকা অফিস এক বার্তায় এই সমবেদনা জানায়। বার্তায় উল্লেখ করা হয়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, তাদের পরিবার এবং অন্যান্য প্রভাবিতদের প্রতি ইইউ গভীর সমবেদনা জ্ঞাপন করছে।


এর আগে পাকিস্তান, জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিমসটেক সচিবালয়ও পৃথক বার্তায় ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেছে। জাতিসংঘের বাংলাদেশ কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করছে। যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাসও একইভাবে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।


শুক্রবার সকালে ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় ৫.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছে।